


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেই উত্তর বঙ্গোপসাগরের উপরেই আজ বৃহস্পতিবার ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। বুধবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি হওয়ার সম্ভাবনা বেশি। ফলে দক্ষিণবঙ্গে এর প্রভাব বিশেষ পড়বে না বলে আবহাওয়াবিদরা মনে করছিলেন। এখন বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ায় আজ ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল এলাকার মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ জোরালো হাওয়ায় সমুদ্র উত্তাল হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টি হতে পারে।