


লখনউ, ২৬ এপ্রিল: সুপার ওভারে লখনউকে হারাল কেকেআর। আজ, রবিবার আইপিএলের ৩৮তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। এদিন ঘরের মাঠে একানা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের কিপার অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে টিম কেকেআর। ২ ওভারের মাথায় আউট হন ওপেনার টিম সেইফোর্ট (০)। এরপর ১০ রানে আউট হন অধিনায়ক অজিঙ্কা রাহানেও। মাত্র ৯ রান করেন রঘুবংশী। পাওয়েল ১ রানে মহসিনের বলে পন্থের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান। দলের স্কোর তখন ৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান। তবে ক্রিজে টিকে থাকেন রিঙ্কু সিং। ৫১ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন পাঁচটি ৬ এবং সাতটি ৪। তাঁকে যোগ্যসঙ্গত দেন ক্যামেরুন গ্রিন। ২১ বলে ৩৪ রান করে আউট হন তিনি। অনুকুল (০) এবং রমনদীপ (৬) রান করেন। সুনীল নারিন ৪ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান তোলে কেকেআর। লখনউয়ের হয়ে ৫টি উইকেট নেন মহসিন খান। ১টি পান জর্জ লিন্ডে।
জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে লখনউয়ের দল। ১.১ ওভারে বৈভব আরোরার বলে পাওয়েলের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান মিচেল মার্শ (২)। গ্রিনের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে ৩১ রানে আউট হন মার্করামও। অধিনায়ক পন্থ আউট হন ৪২ রানে। বরুণের বলে নারিনের হাতে ক্যাচ তুলে ৯ রানে আউট হন নিকোলাস। দলের রান তখন ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান। এরপর মুকুল চৌধুরী আউট হন ১ রানে। ২৪ রান করে ফিরে যান আয়ুশ বাদোনি। জর্জ লিন্ডে করেন মাত্র ৮ রান। হিম্মত সিং ১৯ রানে ত্যাগীর বলে রিঙ্কুর হাতে ক্যাচ তুলে আউট হন। কিন্তু শেষ ওভারে মহম্মদ সামির রুদ্ধশ্বাস ছয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫৫-র গণ্ডি ছোঁয়ে লখনউ। সামি ১১ রানে অপরাজিত থাকেন। ম্যাচ টাই হওয়ায় এরপর তা গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ৩ বলে ২ উইকেট খুইয়ে মাত্র ১ রান তোলে লখনউয়ের দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মেরে ম্যাচ জিতে নেয় কেকেআর।