


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত চার মাস ধরে বন্ধ ছিল টিটাগড়ের লুমটেক্স জুটমিল। কর্মহীন হয়ে পড়েছিলেন কয়েক হাজার শ্রমিক। বন্ধ মিল পুনরায় চালু করার পাশাপাশি শ্রমিকদের ৫ হাজার টাকা করে দেওয়ার দাবি জানিয়েছিল তৃণমূল ট্রেড ইউনিয়ন। এই দুই দাবিতে টানা দু’দিন লুমটেক্স জুটমিলের গেটে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের নেতারা। স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী ওই জুটমিলের মালিককে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত সেটাই মেনে নিলেন জুটমিল মালিক। শুক্রবার রাতের মধ্যে সমস্ত শ্রমিক পাঁচ হাজার টাকা করে পেলেন। সেই সঙ্গে ২০১৬ সাল থেকে যাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া ছিল, সেই টাকাও দেওয়া শুরু হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। তাঁরা আনন্দে মেতে ওঠেন। রাতেই জুটমিলের গেটে জড়ো হয়ে চলে আনন্দ উদযাপন। তাঁরা বিধায়ক রাজ চক্রবর্তী সহ তৃণমূল নেতাদের এর জন্য অভিনন্দন জানান। শ্রমিকরা জানিয়েছেন, ইদের আগের দিন ৫ হাজার টাকা পেয়ে খুবই উপকার হল। অনেকের পিএফ-এর টাকা বকেয়া ছিল। সেই টাকাও ঢুকতে শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার থেকে মিলের মেইনটেন্যান্সের কাজ শুরু হবে। তারপর পুরোদমে ফের চালু হবে এই জুটমিল। বিধানসভা নির্বাচনের মুখে বন্ধ লুমটেক্স জুট মিল চালু হওয়ার প্রভাব আসন্ন ভোটেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।