


রবীন রায়, আলিপুরদুয়ার: এবার মাদারিহাট আসন তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জের লড়াই। কারণ উপনির্বাচনে এই আসনে ২৮ হাজারেরও বেশি ভোটে বিজেপিকে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। তাই জেতা আসন মাদারিহাট ধরে রাখতে মরিয়া তৃণমূল। বিদায়ী বিধায়ক জয়প্রকাশ টোপ্পো এবারও বিজেপির প্রার্থী। আর মাদারিহাটে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে তৃণমূল পাখির চোখ করেছে বিধানসভার ১৯টি চা বাগানের বুথগুলি। মাদারিহাটে মোট ২২৬টি বুথ। তার মধ্যে ১০৫টি বুথ বাগানে।
উপনির্বাচনে এই ১০৫টি বুথের মধ্যে তৃণমূল ৮২টি বুথে লিড পেয়েছিল। বিজেপির লিড ছিল ২৩টি বুথে। তাই সকাল থেকে রাত পর্যন্ত ভোটের প্রচারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চা মহল্লায় মহল্লায় চড়কিপাক খাচ্ছেন তৃণমূল প্রার্থী। উন্নয়নকে হাতিয়ার করে চা মহল্লায় প্রচারে জোর দিয়েছেন। বাগানের মাটি কামড়ে পড়ে আছে জোড়াফুল শিবির।
এদিকে, বিজেপিও বুঝতে পারছে ভোটে মাদারিহাটে বাজিমাত করতে হলে চা বাগানই ভরসা। সেই জন্য বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্বুও চা বাগানের প্রচারেই বেশি করে সময় দিচ্ছেন। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমাদের সরকার চা শ্রমিকদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছে। তারসঙ্গে গত দেড় বছরে বিধানসভার প্রতিটি চা বাগানে হাসপাতাল, ক্রেশ, রাস্তাঘাট থেকে পানীয় জল প্রকল্প খাতে দেড়শো কোটি টাকা খরচ করা হয়েছে। শ্রমিকরা রাজ্য সররকারের এই উন্নয়নের সুফল পাচ্ছেন। আমি দেড় বছরের বিধায়ক। দেড় বছরের এই উন্নয়নের সঙ্গে গত দু’বারের বিজেপি বিধায়কের আমলের উন্নয়নের এই তফাত বুঝতে পারছেন শ্রমিকরা। তাই এবারও আমি জিতছি। স্থানীয় বাসিন্দা তৃণমূলের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবীন রাই বলেন, বিজেপি তো গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। প্রার্থী পছন্দ না হওয়া ওদের কর্মীরা বীরপাড়ায় পার্টি অফিসে তালা লাগিয়েছে। ফলে আমাদের জয় অবধারিত।
ভোটে জিততে চা শ্রমিকরাই যে ভরসা সেটা বুঝতে পেরেছে বিজেপিও। তাই বিজেপি প্রার্থী চা মহল্লাতেই প্রচারে বেশি সময় দিচ্ছেন। বিজেপি প্রার্থী লক্ষ্মণবাবু অবশ্য বলেন, উপনির্বাচনের সঙ্গে বিধানসভা ভোটের ফারাক আছে। উপনির্বাচন সাধারণত শাসকদলের পক্ষেই যায়। কিন্তু বিধানসভা ভোটে চা শ্রমিকরা বিজেপির দিকেই থাকবেন। চা মহল্লার প্রচারে ভালো সাড়া পাচ্ছি। মাদারিহাটে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা।
এদিকে, বুধবার বীরপাড়া চা বাগানে দিনভর প্রচার চালান লক্ষ্মণবাবু। এদিন তৃণমূল প্রার্থী মাদারিহাট শহরাঞ্চলে প্রচারে ব্যস্ত ছিলেন। আরএসপি প্রার্থী সুভাষ লোহার এদিন সিংহানিয়া চা বাগানে দিনভর প্রচার করেন। • প্রচারে বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্বু। - নিজস্ব চিত্র।