


তেহরান, ১৯ আগস্ট: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছেই না। আজ, বুধবার ইরানের সঙ্গে সবরকম ব্যবসা, বাণিজ্য এবং আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি বা ইউএই। সে দেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আফরা আল হামেলি জানান, সাম্প্রতিক অস্থিরতা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করছে। আর মূলত সেই কারণেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বলবৎ থাকবে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করা। তবে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ হলেও কথাবার্তা বা আলোচনার সবরকম মাধ্যমই খোলা থাকবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইরান থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। যেগুলির একটি আরবের সমুদ্রসীমার ভিতরে এবং অন্যটি বাইরে পড়ে। তবে এর জেরে কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। এরপরই আমিরশাহি অভিযোগের সুরে জানায়, সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত করতেই ওই ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল। শেষে আজ ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের কড়া পদক্ষেপ গ্রহণ করল আমিরশাহি। অপরদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত ইরান কোনরকম মন্তব্য প্রকাশ করেনি। বরং তারা জানিয়েছে, আমেরিকার সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধই থাকবে।