


সংবাদদাতা, বোলপুর: প্রায় এক কেজি আফিম সহ এক যুবককে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজকুমার মণ্ডল। তার বাড়ি খয়রাশোল থানার চাপলা গ্রামে। উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ, বুধবার বিকেলে রবীন্দ্রবীথি বাইপাস এলাকায় আফিম পাচারের খবর আসে পুলিশের কাছে। দ্রুত সেখানে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। ওই এলাকায় একটি টোটোতে তল্লাশি চালানো হয়। এরপর রাজকুমারকে গ্রেপ্তার করা হয়। তার পিঠের ব্যাগ থেকে প্রায় এক কেজি আফিম উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃত এদিন বোলপুর স্টেশনে নামে। সেখান থেকে টোটোয় করে খয়রাশোলের দিকে যাচ্ছিল। তার সঙ্গে থাকা ব্যাগেই নিষিদ্ধ মাদক ছিল। সেগুলি বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।