


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবসাথী প্রকল্পের টাকা দ্রুত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। বৃহস্পতিবার একাধিক জেলার সচিব এবং জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। তবে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে শনিবার থেকে প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেন মমতা। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হয়ে যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো। যাঁরা অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদের অ্যাকাউন্টে প্রথমে টাকা যেতে শুরু করে। কারণ, যাঁরা ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে গিয়ে আবেদন করেছেন তাঁদের আবেদন ডিজিটাইজেশনের কাজে সময় লাগছে। তবে এই সমস্ত প্রক্রিয়া সেরে দ্রুত টাকা পাঠানো শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তেমন হলে শুক্রবারের মধ্যেই এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক ইস্যুতে আধিকারিকদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। আলুর অভাবী বিক্রি এড়াতেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার, অনেক জায়গা থেকে আদিবাসীদের জমি হাতছাড়া হওয়ার অভিযোগ আসায় ভূমি সংস্কার ও আদিবাসী উন্নয়ন দপ্তরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন তিনি। আবার, গ্রীষ্মকালে জল সংকট এড়াতেও এখন থেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।