


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার পাল্টা পথ হিসেবে নিজস্ব আয় বৃদ্ধিকে ‘পাখির চোখ’ করে এগচ্ছে রাজ্য। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন খাতে রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি থেকেই বিষয়টি পরিষ্কার। জিএসটি থেকে শুরু করে জমি-বাড়ি বিক্রি বাবদ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বৃদ্ধির সমস্ত তথ্য রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, জিএসটি আদায় আগের অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ সালে ৪৮০৮ কোটি টাকা বেড়েছে। গতবারের তুলনায় যা ১১.৪৩ শতাংশ বেশি। কেন্দ্রীয় গড়ের থেকে বেশি দুই শতাংশ। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটিতে রেজিস্টার্ড ডিডের সংখ্যা বেড়েছে ৬০ হাজার। এই খাতের রাজস্ব বৃদ্ধি ১৯০৮ কোটি টাকা (৩১.০৫ শতাংশ)।
রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে অর্থদপ্তর তথা কমার্শিয়াল ট্যাক্স ডাইরেক্টরেটের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একদিকে, জিএসটি ফাঁকি ঠেকাতে ডেটা অ্যানালিসিসের ব্যবহার থেকে শুরু করে ১০ হাজারের বেশি ভুয়ো রেজিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য প্রশাসনের প্রতিটি স্তরে আর্থিক শৃঙ্খলা বজায় রাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে ধীরে ধীরে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে বাংলা। এই সাফল্যের অন্যতম সূচক হিসেবে ধরা হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষে এই রাজস্ব বৃদ্ধিকে। এই কৃতিত্বের জন্য অর্থদপ্তরের পাশাপাশি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।