


ইস্তানবুল: পিছিয়ে পড়েও দুরন্ত জয় বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসায়ারকে তাদের মাঠে ৪-১ ব্যবধানে হারাল হান্স ফ্লিক ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেছিল বার্সা। তবে স্রোতের বিপরীতে গোল হজম করে তারা। বাটরাকভের গোলে লিড নেয় গালাতাসায়ার। ৪৩ মিনিটে বার্সাকে সমতায় ফেরান কানসেলো। বিরতির পর প্রতিপক্ষকে আর খেলায় ফিরতে দেননি ইয়ামালরা। এই পর্বে স্কোরশিটে নাম তোলেন ফেরমিন লোপেজ, অ্যান্টনি গর্ডন ও আদিয়ামি। অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই পাবলো বারিয়সের লক্ষ্যভেদ। ৭৯ মিনিটে জাল কাঁপান লুকম্যান। এছাড়া লিলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতল আর্সেনাল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত দু’বারের চ্যাম্পিয়ন পিএসজি। কোচ লুই এনরিকের হাত ধরে স্বপ্নের ফর্মে প্যারিসের ক্লাবটি। বুধবার অ্যাওয়ে ম্যাচে পিএসজি’র প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার সিটি। কোচ এনজো মারেস্কার প্রশিক্ষণে চলতি মরশুমে দারুণ ছন্দে সিটিজেনরা। দিনের অপর ম্যাচে এএস রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গত দুই মরশুমে ব্যর্থতা ঝেড়ে ফেলে হোসে মরিনহোর হাত ধরে ফের চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের পথে হাঁটতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় গত ম্যাচে লাল কার্ড দেখলেও, চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে সমস্যা নেই ভিনিসিয়াস জুনিয়রের।