


লন্ডন: অবশেষে স্বস্তি! প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ ব্যবধানে হারাল সিটিজেনরা। জয়ী দলের দুই গোলদাতা ওমর মারমুশ ও অ্যান্তনিও সেমেনিও। এই জয়ের সুবাদে ২৩ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের সংগ্রহ ৪৬ পয়েন্ট। উল্লেখ্য, খারাপ ফর্মের জন্য এদিন প্রথম একাদশে জায়গা হয়নি আর্লিং হালান্ডের। পরিবর্তে ওমর মারমুশকে সুযোগ দেন পেপ। আর কোচের আস্থার মর্যাদা দিয়ে ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন মিশরের তরুণ স্টাইকার (১-০)। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সেমেনিও (২-০)।
এদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদে স্বপ্নের অভিষেক ঘটেছে মাইকেল ক্যারিকের। মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটিকে ২-০ গোলে বশ মানায় রেড ডেভিলস। আর এই পারফরম্যান্স রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রুনো ফার্নান্ডেজরা। অনেকেই ক্যারিকের কোচিং দর্শনের মধ্যে স্যার অ্যালেক্স ফার্গুসনের ছায়া দেখতে পাচ্ছেন। তবে দ্বিতীয় ম্যাচেই ম্যান ইউ কোচের জন্য অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। রবিবার প্রিমিয়ার লিগে লিগ শীর্ষে থাকা আর্সেনালের মুখোমুখি হবে ম্যান ইউ। উল্লেখ্য, লিগের প্রথম লেগে ঘরের মাঠে ০-১ গোলে হেরেছিলেন কাসেমিরোরা। এবার অ্যাওয়ে ম্যাচে তাই প্রতিশোধ নিতে মরিয়া লাল ম্যাঞ্চেস্টার। অন্যদিকে, ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে লিগ খেতাব দৌড়ে আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য আর্তেতা ব্রিগেডের। পরিসংখ্যান বলছে, সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১২ম্যাচ অপরাজিত আর্সেনাল। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা। লিগের শেষ ম্যাচে অবশ্য নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য করে করে আর্তেতা ব্রিগেড। তাই ম্যান ইউয়ের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া তারা।
শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নামছে চেলসি। চলতি মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে দ্য ব্লুজ। লিগ ক্লাবের সেমি-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে হেরেছে তারা। প্রিমিয়ার লিগে অবশ্য গত ম্যাচে জিতে টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে লন্ডনের ক্লাবটি (২২ ম্যাচে ৩৪ পয়েন্ট)।