


সংবাদদাতা, ময়নাগুড়ি: মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন ৬১ বছরের এক ব্যক্তি। মৃতের নাম জগদীশ রায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, মাছ ধরার প্রবল নেশা ছিল জগদীশ রায়ের। আর সেই জেরেই গতকাল পানবাড়ি এলাকা থেকে বেশ কিছুটা দূরে ক্রান্তিতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন এক আত্মীয়। ওই আত্মীয় কিছুটা দূরে বসেছিলেন। মাছ ধরার সময় ছিপে মাছ আটকে যায়। মাছটি ছিপ থেকে বেরিয়েও যায়, কিন্তু সে সময় ছিপে টান পড়ে এবং জোরে টান দেওয়ার সময় বড়শি গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে লাগে। আর সেই জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে দ্রুত জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।