


জম্মু: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতের এই দুর্ঘটনাটি জম্মুর গাংগিয়ালের। মৃত ব্যক্তির নাম ভরত কাপের (৫৫)। বাড়ি বিহারের সমস্তিপুরে। স্থানীয় একটি দোকানে কাজ করতেন তিনি। সেখান থেকে ফেরার পথেই এই বিপত্তি। যদিও সংঘর্ষের সময় গাড়িতে ছিলেন না জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তাঁকে বাড়িতে নামিয়ে ফিরছিল কনভয়টি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। দায়ের করা হয়েছে এফআইআর।
পুলিশ সূত্রে খবর, রাত ৯টা নাগাদ রাস্তা পারাপার করছিলেন ভরত। তখনই উপমুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই বেরিয়ে আসেন গাড়িচালক। তিনিই ভরতকে হাসপাতালে নিয়ে যান। তাতেও লাভ হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভরতকে মৃত ঘোষণা করেন।