


সংবাদদাতা, ফালাকাটা: ডিভোর্সের জেরে স্ত্রীর ওপর ছিল পুরনো রাগ। সেই রোষেই দৃষ্টিশক্তিহীন প্রাক্তন শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার প্রাক্তন জামাইবাবু। ফালাকাটার ওই নির্যাতিতা শ্রবণ ও বাক শক্তিহীনও। এই ঘটনার পর নিজের প্রাক্তন স্বামীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার দিদি। অভিযুক্ত জাপান মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ১৩ বছর আগে অসমের জাপান মাঝির সঙ্গে ফালাকাটার এক যুবতীর বিয়ে হয়। তাদের একটি ১২ বছরের মেয়েও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে ওই যুবক স্ত্রীকে অত্যাচার করত। এ নিয়ে একাধিকবার সালিশি বসে। দু’বছর আগে তাদের ডিভোর্স হয়। তা সত্ত্বেও মাঝেমধ্যে ওই যুবক গ্রামে এসে তার প্রাক্তন স্ত্রীকে অত্যাচার করত বলে অভিযোগ। শুক্রবার সকলে বাড়ির লোক জমির কাজে গেলে তার বিশেষভাবে সক্ষম প্রাক্তন শ্যালিকা বাড়িতে একাই ছিলেন। অভিযুক্ত সে সময় বাড়ি থেকে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বিশেষভাবে সক্ষম বোনের গোঙানি শুনে জঙ্গল থেকে উদ্ধার করে। অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিসে তুলে দেয়।
নির্যাতিতার দিদি বলেন, ঘরে আমায় না পেয়ে প্রতিশোধ নিতেই এই কাজ করেছে প্রাক্তন স্বামী। স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, দোলের সময় থেকে অভিযুক্ত এলাকায় ছিল। আমরা অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেই। ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যুবতীকে মেডিক্যাল পরীক্ষায় পাঠিয়ে ঘটনার তদন্ত হচ্ছে।