


ওয়াশিংটন, ১৬ জানুয়ারি: নোবেল কমিটির নিষেধ সত্ত্বেও ট্রাম্পকে তুষ্ট করতে অভাবনীয় পদক্ষেপ নিলেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। নিজের নোবিল শান্তি পুরস্কার ট্রাম্পকে ‘উপহার’ হিসাবে দিলেন মারিয়া কোরিনা মাচাদো। সেই সংক্রান্ত ছবিও এসেছে প্রকাশ্যে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আপাতত সেখানেই থাকবে নোবেল শান্তি পুরস্কার। যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ নোবেল কমিটি কিছুদিন আগেই স্পষ্ট জানিয়ে ছিল নোবেল পুরস্কার কাউকে হস্তান্তর করা, উপহার দেওয়া বা বিক্রি করা যায় না। কিন্তু সেই বিষয়কে তোয়াক্কা না করেই মারিয়া কোরিনা মাচাদো, ট্রাম্পকে ‘উপহার’ হিসাবে দিয়ে এলেন নোবেল শান্তি পুরস্কার। কিন্তু কেন এই পদক্ষেপ ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর? সেই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘ভেনেজুয়েলায় ‘স্বাধীনতা’ ফেরানোর বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তিনি ওই পুরস্কার ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
গতকাল, বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ বৈঠকও করেন মারিয়া। তারপরেই গোটা বিষয়টি জানা যায়। ট্রাম্প এই বিষয়ে বলেন, ‘উনি দারুণ এক জন মহিলা। আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার একটা দারুণ নজির এটা। ধন্যবাদ মারিয়া।’ নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে আনে মার্কিনি সেনা। এখন দক্ষিণ আমেরিকার এই দেশে অন্তর্বর্তী সরকার চলছে। যার প্রধান ডেলসি রডরিগেজ। মারিয়ার লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদের। তাই কি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ? জোর জল্পনা আন্তর্জাতিক মহলে।