


ইসলামাবাদ, ২১ নভেম্বর: পাকিস্তানের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত্যু হল ১৫ জনের। আজ, শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মালিকপুর এলাকায় গ্যাস লিক করে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। জখম আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ওই কারখানাটি আঠা তৈরির কারখানা। কারখানার কর্মীরা জানিয়েছেন, গ্যাস লিকের পর কারখানায় আচমকাই আগুন ধরে যায়। এরপরই প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরণ হয়। তাতেই ১৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়ে কারখানার ছাদের একাংশও। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
পুলিস জানিয়েছে হতহতরা সকলেই স্থানীয় বাসিন্দা। তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। গঠন করা হয়েছে একটি টিমও। বর্তমানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক কর্মী। অভিযোগ,সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে।