


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাপীঠের পর এবার কলকাতা। হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল ৯ জনের। জখম আরও বেশ কয়েকজন। গতকাল অর্থাৎ বুধবার রাত ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লাগে। ওই ভবনটিতে একাধিক হোটেল রয়েছে। অধিকাংশ হোটেলেই বাংলাদেশ থেকে আসা নাগরিকরা ছিলেন। সকলেই চিকিৎসা করাতে এসেছিলেন ভারতে। জানা যাচ্ছে, গতকাল রাতে আচমকাই আগুন লাগে। আগুন এবং ধোঁয়ায় হোটেলের মধ্যে বেশ কয়েকজন আটকে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি অকুস্থলে আসে দমকল ও পুলিশ কর্মীরা। এরপর ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানান তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং একটি শিশুও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, একজন হোটেল কর্মীও মারা গিয়েছেন। তাঁর নাম সন্দীপ পাসোয়ান। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।
ঘটনার পর ওই ভবনের হোটেলে থাকা সকলকে বের করে দেওয়া হয়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে। পুলিশ সূত্রে খবর, ওই হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ফায়ার লাইসেন্স ছিল না। এমনকী পুলিশ লাইসেন্সও নেই। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। পরে আসেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তীও। দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।