


নয়াদিল্লি: দিল্লির রোহিণী এলাকায় ভয়াবহ আগুনে প্রাণ হারাল দুই শিশু। জখম হয়েছেন পাঁচজন। জানা গিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮০০ ঝুপড়ি। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ডেপুটি পুলিস কমিশনার (রোহিণী) অমিত গোয়েল জানিয়েছেন, দুই শিশুর দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স আড়াই বছর, অন্যজনের তিন বছর। দিল্লির এক দমকল আধিকারিক জানিয়েছেন, এদিন প্রায় ১২টা নাগাদ আমরা রোহিণী এলাকায় সেক্টর-১৭ এর শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের কাছে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ১৭টি ইঞ্জিন সেখানে রওনা দেয়। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ির সংখ্যা বাড়িয়ে ২৬টি করা হয়। পাঁচ একর এলাকা জুড়ে থাকা ওই ঝুপড়ি এলাকার অন্তত ৮০০টি ঘরে আগুন লাগে। কালো ধোঁয়ায় এলাকায় কিছু দেখাই যাচ্ছিল না। পরিস্থিতি সামলাতে বিশাল সংখ্যক পুলিস মোতায়েন করা হয়। আগুন লাগার কারণ রাত পর্যন্ত জানা যায়নি। পুলসে ও দমকলের প্রাথমিক ধারণা, কোনওভাবে একটি ঘরে আগুন লেগে যায়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঝুপড়িতে ইলেকট্রিক লাইনও ঠিক ছিল না। বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগর ঘটনায় বিজেপির বর্তমান সরকারের নিন্দায় সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দুপুর ১টা নাগাদ রোহিণীর বস্তি এলাকায় আগুন লেগেছিল। দু’জন শিশু ওই ঘটনায় মারা গিয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তখন কী করছিলেন? তিনি তখন মন দিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনছিলেন। সারা দিনেও তিনি একবার সেখানে যেতে পারলেন না। এমনকী কোনও টুইটও করার সময় পেলেন না।