


নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি: ইন্দোরের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। দিল্লির পালামে মেট্রো স্টেশনের কাছে এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মৃত্যু হল ৯জনের। মৃতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের ৩০টি ইঞ্জিন। এলাকা জনবহুল হওয়ায় আগুনে নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায় দমকল কর্মীদের।
স্থানীয় সূত্রে খবর ওই বাড়ির বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও প্রথম তলা পোশাক ও প্রশাধনী সামগ্রী মজুতের জন্য ব্যাবহার করা হত। প্রাথমিক অনুমান, ওই ফ্লোরগুলি থেকেই আগুন ছড়ায়। বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। ওই বহুতলের নীচতলা স্টোরুমের কাজে ব্যাবহার হলেও দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় থাকতেন কয়েকটি পরিবার। আগুনের জেরে আটকে পরেন তারা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। আগুন থেকে বাঁচার জন্য দুজন বহুতল থেকে ঝাঁপ দেন, এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পাড়ে বলে আশঙ্কা দমকল কর্মীদের।
কিভাবে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সিং সান্ধু শোক প্রকাশ করেছেন।