


উজির আলি, চাঁচল: কে প্রার্থী হবেন, তা নিয়ে ফের অস্বস্তি বেড়েছে কংগ্রেসে। চাঁচল বিধানসভা কেন্দ্রে তিন বারের বিধায়ক আসিফ মেহবুবকে পুনরায় প্রার্থী করার সম্ভাবনার ইঙ্গিত মিলতেই দলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর। প্রাক্তন ব্লক সভাপতিকে প্রার্থী করার দাবিতে বুধবার রাতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীদের একাংশ। চাঁচল সদরের তরলতলায় কংগ্রেসের উমেশ ভবনে অঞ্চল ভিত্তিক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক অঞ্চল সভাপতি ও কর্মীরা। বৈঠক শেষে প্রাক্তন ব্লক সভাপতি আঞ্জারুল হককে প্রার্থী করার দাবিতে পার্টি অফিসের বাইরে স্লোগান তোলেন তাঁরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আসিফ মেহবুব চাঁচল বিধানসভার খরবা গ্রাম পঞ্চায়েতের নৈকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত মহবুবুল হক একাধিকবার কংগ্রেসের বিধায়ক ছিলেন। বাবার মৃত্যুর পর রাজনীতিতে আসেন আসিফ। উপনির্বাচনে জয়ী হওয়ার পর ২০১১ ও ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জয় পান তিনি। তবে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হন। তারপর থেকেই এলাকায় তাঁর সক্রিয়তা কমেছে বলে অভিযোগ দলের একাংশের।
এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায়নি বলে ক্ষোভও ছড়ায়। অন্যদিকে, প্রাক্তন ব্লক সভাপতি আঞ্জারুল হক দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠন ধরে রেখেছেন বলে দাবি। তাঁর নেতৃত্বে পঞ্চায়েত ভোটে তুলনামূলকভাবে ভালো ফল করে কংগ্রেস।
এমনকী, গত লোকসভা ভোটে চাঁচল বিধানসভায় তৃণমূলকে ছাপিয়ে লিড ধরে রাখে কংগ্রেস। এমনটাই দাবি কর্মীদের একাংশের। বর্তমানে আঞ্জারুল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে ধাপে ধাপে সংগঠনে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। কর্মীদের একাংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে চাঁচলে লড়াই করতে হলে নতুন মুখ ও সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। আঞ্জারুল প্রার্থী না হলে দল এই আসন পুনরুদ্ধার করতে পারবে না।
অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান সুলতানা পারভিনের স্বামী আফসার আলি বলেন, অন্য কাউকে প্রার্থী করার আভাস পাওয়া যাচ্ছে। যা দলের পক্ষে মোটে মঙ্গলজনক নয়। আঞ্জারুলকে প্রার্থী করতে হবে।
কর্মী রাইহানুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে লড়াকু নেতৃত্ব প্রয়োজন। নতুন মুখ না এলে ফল খারাপ হবে। তারজন্য যোগ্য একমাত্র আঞ্জারুল। যদিও বিক্ষোভ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানেন না বলে দাবি করেছেন আঞ্জারুল হক। তিনি বলেন, কর্মীরা আমাকে যোগ্য মনে করে দাবি তুলেছেন। সংগঠন কঠিন সময়ে ছিল, তখন আমি দায়িত্ব নিয়ে দলকে ধরে রেখেছি। প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব বলেন, আমার সময়ে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। যারা বিক্ষোভ দেখিয়েছেন, কোনো এক ব্যক্তিকে ভালোবেসে করেছেন। চাঁচল ১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন, দল যাকে প্রার্থী করবে, তাঁর পক্ষেই সবাইকে কাজ করতে হবে। কংগ্রেস প্রেমীরা দলের সিদ্ধান্তকে সম্মান জানাবেন।