


সন্দীপ বর্মন, মাথাভাঙা: মাথাভাঙা ও শীতলকুচি দুই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই শিবিরের দুই বহিরাগত প্রার্থী। বহিরাগত এই দুই প্রার্থীর নাম ঘোষণার পর থেকে শহরে ভাড়া বাড়ি হন্য হয়ে খুঁজছেন তৃণমূল ও বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ কর্মীরা। দু’তরফেই জানিয়েছে, ভাড়া বাড়ি খুঁজে পাওয়া গিয়েছে। প্রার্থীরা নিজেরা দেখে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
শীতলকুচি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যান হরিহর দাস। হরিহরবাবু শীতলকুচি গোঁসাইরহাট হাইস্কুলের শিক্ষক। কিন্তু তিনি কোচবিহার-২ ব্লকের বাসিন্দা। ভোটের প্রচারে ও দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য মাথাভাঙা শহরে ভাড়া বাড়ি খুঁজছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ কর্মীরা ইতিমধ্যেই বাড়িও দেখেছেন। হরিহরবাবু সেই বাড়ি দেখেই সিদ্ধান্ত নেবেন।
অপরদিকে, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনিও মাথাভাঙা শহরে থেকে প্রচারের জন্য ভাড়া বাড়ি খুঁজছেন। বৃহস্পতিবার রাতে মাথাভাঙায় এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেই সময়ই ভাড়া বাড়ি খোঁজার জন্য দলীয় নেতা-কর্মীদের জানিয়ে যান। মাথাভাঙার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ভাড়াবাড়ি পাওয়া গিয়েছে। নিশীথবাবু সবুজ সংকেত দিলে ওই বাড়ি থেকে নির্বাচনী কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন, নিশীথ প্রামাণিক আমাদের প্রার্থী। নির্বাচনের জন্য এখন ভেটাগুড়ির বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব হবে না। শহরে ভাড়াবাড়িতে থাকবেন। আমরা বাড়ি দেখেছি। প্রার্থী নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। উনি জানালেই আমরা বাড়িওয়ালাকে বলে সেখানে কাজ শুরু করব।
অন্যদিকে, তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের শীতলকুচির প্রার্থী হরিহর দাস মাথাভাঙায় থাকবেন। ওঁর জন্য কয়েকটি বাড়ি দেখেছেন দলের কর্মীরা। হরিহরবাবু নিজে একবার দেখে নিয়ে বাড়িভাড়া চূড়ান্ত করবেন।
ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ তৈরির কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল, বিজেপি সহ বাম প্রার্থীরা। বাজার, পাড়ার মোড়ে লোকজনের ভিড় থাকলেই প্রার্থীরা গিয়ে কথা বলছেন মানুষের সঙ্গে।