


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক এক বছর আগে আইপিএলের দুনিয়ায় পা রেখেছিল বৈভব সূর্যবংশী। প্রথম বলেই সে ছয় হাঁকায় শার্দূল ঠাকুরকে। এই এক বছরে অনেক পরিণত হয়েছে বৈভব। যা ধরা পড়ল রবিবার ইডেনেও। পিচ মন্থর দেখে বুঝেশুনে ইনিংস গড়ায় মন দেয় সে। রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বললেন, ‘ও খুব দ্রুত পরিণত হয়ে উঠছে। এদিন নিজে থেকেই পরিস্থিতি বিচার করে খেলেছে। ওর শেখার ইচ্ছা মারাত্মক।’ পঞ্চাশের আগে থামলেও বক্সে বাবা, মায়ের উপস্থিতিতে বৈভবের এই ইনিংস তাই প্রশংসা কাড়ছে।
রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ অবশ্য শেষ ওভারে পরাজয় মানতে পারছেন না। তাঁর কথায়, ‘এটা ১৭০ রানের উইকেট ছিল। আমরা জেতার মতো রান তুলতে পারিনি। অজুহাত দিচ্ছি না। তবে রিঙ্কুর ওই সহজ ক্যাচ ফেলা উচিত হয়নি। বোলাররা সঠিক লাইন-লেংথেও বল করেনি।’