


সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: এসআইআরে ভূমিপুত্রদের নাম ভোটারতালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ, রবিবার দুপুরে প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চলেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)। আজ দুপুরে ময়নাগুড়ি নতুন বাজার থেকে তারা এই প্রতিবাদ মিছিল বের করবে। যেটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে নতুন বাজারে এসে শেষ হবে। পরবর্তীতে সেখানে একটি পথসভার আয়োজন করা হবে। এই পথসভা থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি তারা তুলে ধরবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই কামতাপুর প্রগ্রেসিভ পার্টির এই কর্মসূচি নিয়ে জোর প্রচার শুরু হয়েছে।
কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি অধীর বর্মন বলেন, এসআইআরের নামে ভূমিপুত্রদের হয়রানির শিকার হতে হচ্ছে। ভোটাধিকার থেকে ভূমিপুত্রদের নাম বাদ দেওয়ার পাশাপাশি অনেকের নাম আবার বিচারাধীন করে রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের দাবি, ভূমিপুত্রদের নাম দ্রুত ফাইনাল লিস্টে তুলতে হবে। আগামী ১০ দিনের মধ্যে সেটা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
তিনি আরো বলেন, আমাদের যে সমস্ত দাবি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরতে চাইছি সেগুলি হল সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীতে নারায়ণী রেজিমেন্ট অতি দ্রুত ঘোষণা করতে হবে। কামতাপুরী ভাষাকে অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। কামতাপুর কাউন্সিল করতে হবে। একসঙ্গে কামতাপুরী ও রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কামতাপুরী জনজাতি এবং প্রাক্তন কেএলও থেকে হোমগার্ড ও নারায়ণী ব্যাটালিয়নে নিয়োগ করতে হবে। সরকারি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একজন করে কামতাপুরী ভাষার পার্শ্ব শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়াও এসআইআরের ব্যাপার তো রয়েছেই। এই সমস্ত বিষয় নিয়ে আমরা মিছিল ও পথসভা করছি। • নিজস্ব চিত্র।