


বস্টন: ফ্রান্সের জাতীয় পতাকার তিন রংয়ের অর্থ লিবার্তে, এগালিতে ও ফ্রাতের্নেতে। বাংলায় এর মানে যথাক্রমে স্বাধীনতা, সমতা এবং একতা। আগামী মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে নামার আগে এই মূলমন্ত্র সামান্য বদলে নিয়েছেন ফরাসিরা। সামাজিক মাধ্যমের পোস্ট থেকে মেসেজ— মূলমন্ত্র এখন এমবাপে, ডেম্বেলে ও ওলিসে। কেউ কেউ আবার এর সঙ্গে জুড়ে দিচ্ছেন বারকোলার নাম। শুধু ফ্রান্স জনতাই নয়, দলের কোচ দিদিয়ের দেশঁর ভরসার জায়গা এই নামগুলোই। তাই অনুশীলনে অভিজ্ঞ হেড স্যারের নজর খুঁজে বেড়াচ্ছিল ডেম্বেলেদের। বিশেষ করে এমবাপেকে। মরক্কো ম্যাচে হাঁটুতে সামান্য চোট পেয়েছিলেন তিনি। তবে দলের সঙ্গে ফরাসি স্ট্রাইকার অনুশীলনে যোগ দিতেই চওড়া হাসি দেশঁর ঠোঁটে। হ্যান্ডবল খেলার সময়ে বেশ চনমনে দেখাল ৮ গোল করা সোনার বুটের দাবিদারকে। এমবাপে ও ডেম্বেলে লক্ষ্যভেদে সফল হলেও এখনও জাল কাঁপাতে ব্যর্থ ওলিসে। তবে ৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। চলতি বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তিনজনের অবদান ২৩। সেমি-ফাইনালে স্পেনের তারুণ্যে ভরা মিডফিল্ড ভাঙতে হলে ফের জ্বলে উঠতে হবে তাঁদের।
বেলজিয়ামকে হারিয়ে ইতিমধ্যেই বাগযুদ্ধের লড়াই জমিয়ে দিয়েছেন লামিনে ইয়ামাল, লুই ডে লা ফুয়েন্তেরা। অতীত পরিসংখ্যানের প্রসঙ্গ টেনে আত্মবিশ্বাসের হুংকার ছেড়েছেন তাঁরা। উল্লেখ্য, শেষ ৩৮টি ডুয়েলের মধ্যে ১৮বার জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। ফ্রান্স জিতেছে ১৩বার। ৭টি ম্যাচ ড্র। শেষ সাক্ষাৎ ২০২৫ উয়েফা নেশনস লিগে। হাই-স্কোরিং ম্যাচ ৫-৪ ব্যবধানে জেতে স্প্যানিশ আর্মাডারা। তবে এবার ড্যানি ওলমোদের পাতা ফাঁদে পা দিতে নারাজ ফরাসি ব্রিগেড। অনুশীলন শেষে দলের ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বললেন কোচ দেশঁ।