


মাদ্রিদ: আশঙ্কাই সত্যিই হল। চলতি ফিফা উইন্ডোতে আর ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারবেন না কিলিয়ান এমবাপে। হাঁটুর চোটের কারণে অন্তত দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন ফরাসি তারকা। শুক্রবার নেশনস লিগের প্রথম ম্যাচে তুরস্কের বিরুদ্ধে গোলের পরই পায়ে টান ধরে তাঁর। হাঁটু ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি। এমবাপেকে তুলে নেন কোচ জিদান। এরপরই জাতীয় শিবির ছেড়ে মাদ্রিদে ফেরেন ফরাসি তারকা। সেখানেই তাঁর চোটের জায়গায় পরীক্ষা হয়। রিয়াল মাদ্রিদের হয়ে আগামী ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন এমবাপে। যদিও দলের সেরা ফুটবলারকে নিয়ে কোনোরকম তাড়াহুড়ো করতে নারাজ স্প্যানিশ ক্লাবটি। মূলত ২৫ অক্টোবর মরশুমের প্রথম এল ক্লাসিকোর কথা মাথায় রেখে ফিট এমবাপেকেই মাঠে নামাতে চাইবেন কোচ মরিনহো।
এদিকে, এমবাপের চোটের পর সামনে এল চাঞ্চল্যকর এক তথ্য। সম্প্রতি আমেরিকার জুতো প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিভঙ্গ করে সুইৎজারল্যান্ডের এক সংস্থার সঙ্গে যুক্ত হন এমবাপে। আর শুক্রবার প্রথমবারের জন্য সেই সংস্থার বুট পরে খেলতে নেমেছিলেন তিনি। দলের ফিজিও অ্যাঞ্জেল ভিলানুয়েভা নাকি আগেই এই জুতোর গঠনগত ত্রুটির বিষয়ে তাঁকে সতর্ক করেছিলেন। তাতে কর্ণপাত না করেই নতুন জুতো পরে খেলতে নেমে চোটের কবলে পড়লেন ফরাসি তারকা। উল্লেখ্য, গত বছরও হাঁটুর চোটে বেশ কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল এমবাপেকে। তাই জাতীয় দলের ফিজিও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বললেও তা না শোনায় খেসারত গুনতে হল তাঁকে।