


সংবাদদাতা, বালুরঘাট: দড়ি টানাটানি শেষ। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটেই মেডিকেল কলেজ তৈরির প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজের পাশে ‘বালুরঘাট’ উল্লেখ করা হয়েছে। ফলে বালুরঘাটেই যে দীর্ঘ প্রতীক্ষিত মেডিকেল কলেজ হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। এমনটাই দাবি বালুরঘাটবাসীর।
জেলা স্বাস্থ্য এবং প্রশাসন সূত্রে খবর,আগেই বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ তৈরির ব্যাপারে প্রস্তাব গিয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়ে এবার ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। জমি, পরিকাঠামো সহ একাধিক বিষয় জানতে চেয়েছে রাজ্য। সেই মতো জেলা প্রশাসন প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার এই চিঠি জেলায় আসতেই খুশির হাওয়া বালুরঘাটজুড়ে। খুশিতে শহরে লাড্ডু বিলি হয়।
প্রশাসন সূত্রে খবর, জেলা হাসপাতালের জমিতেই মেডিকেল কলেজ তৈরি হতে পারে। বালুরঘাট জেলা হাসপাতালে ৩৩.৭ একর জায়গায় রয়েছে। যা মেডিকেল কলেজের জন্য পর্যাপ্ত। জেলা হাসপাতালে এমআরআই, সিসিইউ থেকে শুরু করে অত্যাধুনিক পরিকাঠামো এবং পরিষেবা চালু রয়েছে। নানাদিক খতিয়ে দেখে জেলা প্রশাসন আগেই রাজ্যকে প্রস্তাব পাঠিয়েছে। এবার রাজ্যের তরফে ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ডিএম বালা সুব্রহ্মণ্যম টি বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। এনিয়ে আগে প্রস্তাব নিয়েছিল। এখন জমি এবং ডিপিআর সংক্রান্ত নানা বিষয় নিয়ে চিঠি এসেছে। জেলার তরফে প্রস্তুতি চলছে।
বালুরঘাটের নবনির্বাচিত বিধায়ক বিদ্যুৎ রায় জানান, সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রয়াস এবং বালুরঘাটবাসীর দাবি মেনে বালুরঘাট জেলা হাসপাতালে রাজ্য সরকার মেডিকেল কলেজ ঘোষণা করেছে। জেলা হাসপাতালে নানা পরিকাঠামো রয়েছে। তার ভিত্তিতেই বালুরঘাটে মেডিকেল কলেজ ঘোষণা হল।
মেডিকেল কলেজের দাবিতে দীর্ঘদিন ধরে বালুরঘাটে আন্দোলন করেছে ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশন।
বালুরঘাটে মেডিকেল কলেজের ঘোষণায় বুদ্ধিজীবীদের এই সংগঠন এদিন বালুরঘাট শহরে লাড্ডু বিলি করে। সংগঠনের সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল বলেন, ২০১২ সাল থেকে আমরা মেডিকেলের দাবিতে আন্দোলন করছি। আজ এই আন্দোলন সার্থক।
রাজ্যে বিজেপি সরকার আসতেই দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজের ঘোষণা হয়। তবে এই মেডিকেল কলেজ কোথায় হবে, তা নিয়ে ছিল ধোঁয়াশা। বালুরঘাটের পাশাপাশি গঙ্গারামপুরের মানুষও দাবি করেছিলেন, তাঁদের এলাকায় হোক মেডিকেল কলেজ। সেই জল্পনা এবার শেষ। পরিকাঠামো এবং জমির ভিত্তিতে বালুরঘাটে মেডিকেল কলেজ হচ্ছে। তবে গঙ্গারামপুরের মানুষকেও সান্ত্বনা দিতে চাইছে বিজেপি। সূত্রের খবর, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিয়েছেন সুকান্ত।