


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন সরকার আসার পর বিভিন্ন দপ্তরে একের পর এক দুর্নীতি এবং গুরুতর অভিযোগের ফাইল ‘রি-ওপেন’ হচ্ছে। সেভাবেই নতুন করে খুলেছে আর জি কর মেডিকেল কলেজের ফাইল। করোনার সময় কলকাতা মেডিকেল কলেজে ওষুধপত্র কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে। তোসিলিজুমাব সহ বেশ কিছু ওষুধপত্র কেনাকাটা এবং রোগীদের দেওয়ার সময় নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল। জীবনদায়ী ওষুধপত্র বন্টন করার ক্ষেত্রেও এক চিকিৎসক-বিধায়ক সেই সময় রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ। সেই ফাইল আবার খুলতে পারে বলে জানা যাচ্ছে।
তবে এখানেই শেষ নয়! কয়েক বছর আগে কলকাতা মেডিকেল কলেজের ফার্মেসিতে এক ভয়ানক অগ্নিকাণ্ড হয়েছিল। সেই ঘটনায় ওষুধ নষ্ট হওয়ার হিসাবে কোটি কোটি টাকার গরমিল আছে বলে অভিযোগ উঠেছিল। সেই ‘দুর্নীতি’র ফাইলও ‘রি-ওপেন’ হওয়ার সম্ভাবনা আছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্র মারফত জানা গিয়েছে। পরে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ ইন্দ্রজিৎ সাহাকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি।