


নয়াদিল্লি, ৫ মে: এবার মুদির দোকানেও পাওয়া যাবে ওষুধ! এমনই ভাবনা মোদি সরকারের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নন প্রেসক্রাইব ওষুধগুলি মুদির দোকানে রেখে যাতে বিক্রি করা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। মূলত যে কোনও মেডিসিন বিক্রি করতে গেলে লাগে পর্যাপ্ত লাইসেন্স। সেটা দেওয়া হয় কেবলমাত্র ওষুধের দোকানকেই। সেই লাইন্সেসের উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি হয় মেডিসিন শপে। এই পদ্ধতিতে একটু পরিবর্তন চাইছে কেন্দ্রীয় সরকার। নন প্রেসক্রাইবড ওষুধ যাতে মুদির দোকানে বিক্রি করা যায় সেই বিষয়ে গত মাসেই ছাড়পত্র দিয়েছে দ্য ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড। এবার কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিললেই পাড়ার মুদির দোকানেও পাওয়া যাবে নন-প্রেসক্রাইব ওষুধগুলি। তবে কোন কোন ধরণের ওষুধ পাওয়া যাবে? কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, অ্যান্টি অ্যালার্জি সংক্রান্ত, ব্যথার, কাশির সিরাপ, বিভিন্ন ধরণের মলম, হাঁপানি সংক্রান্ত মেডিসিন পাওয়া যাবে। কোনও মুদির দোকানে নন-প্রেসক্রাইবড ওষুধ রাখলেও আলাদা করে ফার্মাসিস্ট রাখতে হবে না। তবে ওষুধ বিক্রির জন্য একটি নূন্যতম লাইসেন্স সেই মুদির দোকানিদের করাতে হবে বলে জানা গিয়েছে। তবে মোদি সরকারের নতুন এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে মেডিসিন শপের মালিকরা।