


নয়াদিল্লি: মুম্বইয়ের বিশেষ আদালতের তরফে অনুমোদন মিলেছে। এবার নিলামে উঠতে চলেছে ঋণখেলাপির মামলায় পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি। তালিকায় রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাট, রূপোর বাট ও বহু মূল্যবান রত্ন। এক্ষেত্রে মোট ১৩টি সম্পত্তি নিলামে তোলা হবে। যার বাজারমূল্য প্রায় ৪৬ কোটি টাকা। জানা গিয়েছে, গীতাঞ্জলি জেমস লিমিটেড নামে এক সংস্থার সঙ্গে সম্পর্কিত সম্পত্তি নিলামের অনুমতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে বোরিভালির চারটি ফ্ল্যাট। যেগুলির দাম ২.৬ কোটি টাকা। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ১৪টি গাড়ি পার্কিং-সহ একটি বাণিজ্যিক ইউনিটও রয়েছে তালিকায়। যার মূল্য ১৯.৭ কোটি টাকা। পূর্ব গোরেগাঁওতে ৬টি কারখানাও নিলামে তোলা হবে। রূপোর বাট, মূল্যবান ধাতু ও বেশ কয়েকটি মেশিনও নিলাম করা হবে।