


সান্তিয়াগো: চার ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্তিনা। গত ২৬ মার্চ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে মার্কিন মুলুকের যোগ্যতা অর্জন করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দীর্ঘ বিরতির পর ফের দেশের জার্সিতে মাঠে নামছে লায়োনেল স্কালোনি ব্রিগেড। বৃহস্পতিবার (ভারতী সময় শুক্রবার ভোরে) অ্যাওয়ে ম্যাচে বাছাই পর্বে আর্জেন্তিনার প্রতিপক্ষ চিলি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে রিকার্ডো গ্যারেকার দল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে আর্জেন্তিনার সংগ্রহ ৩১ পয়েন্ট। বাছাই পর্বের প্রথম লেগে ঘরের মাঠে ৩ গোলে জিতে মাঠ ছেড়েছিল আর্জেন্তিনা। ফিরতি লেগেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের।
চোটের কারণে বাছাই পর্বের শেষ দু’টি ম্যাচের দলে ছিলেন না লায়োনেল মেসি। তবে চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ ৩৭ বছর বয়সি মহাতারকা। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। চিলির বিরুদ্ধে শুরু থেকেই তাঁকে খেলাতে পারেন কোচ স্কালোনি। বুধবার অনুশীলনের শুরুতে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন আর্জেন্তাইন কোচ। দলের সেরা অস্ত্রকে আগলে রাখাই প্রধান লক্ষ্য স্কালোনির।
বিশ্বকাপের বাছাই পর্বে একই দিনে মাঠে নামছে ব্রাজিলও। অ্যাওয়ে ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ ইকুয়েডর। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার কাছে ১-৪ ব্যবধানে লজ্জার হারের পরই চাকরি হারান ডোরিভাল জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে কার্লো আনসেলোত্তিকে কোচের পদে নিয়োগ করেন ব্রাজিল কনফেডারেশন কর্তারা। দায়িত্ব নিয়ে দলে বেশ কিছু পরিবর্তন আনেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। আপাতত তাঁর লক্ষ্য, ইকুয়েডরের বিরুদ্ধে জিতে নতুন অধ্যায় শুরু করা। সেক্ষেত্রে আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট অর্জনের পথে আরও একধাপ এগিয়ে যাবে ব্রাজিল।