


মেক্সিকো সিটি, ২৩ ফেব্রুয়ারি: সেনা অভিযানে খতম মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস, ওরফে ‘এল মেনচো’। রবিবার জালিস্কো প্রদেশে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তার। এই অভিযানে দীর্ঘক্ষণ দু'পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। গুলিবিদ্ধ হয় এল মেনচো। তাঁকে চিকাত্সার জন্য নিয়ে যাওয়া হয় মেক্সিকে সিটিতে। কিন্তু সেই পথেই মৃত্যু হয় তার। এই অভিযানে সেনাবাহিনীর গুলিতে এল মেনচো ছাড়াও মাদক পাচার চক্র সংগঠনের সঙ্গে যুক্ত আরও চার জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রকেট লঞ্চার। গুলির লড়াইয়ে তিন সেনাকর্মীও গুরুতর জখম হয়েছেন।
মেক্সিকোর প্রতিরক্ষা দপ্তর এই ঘটনাকে বড় সাফল্য বলে দাবি করলেও উত্তপ্ত গোটা দেশ। এল মেনচো এর মৃত্যু সংবাদে ফুঁসছে মেক্সিকো। দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। বহু শহরে জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন স্কুল কলেজ।
এল মেনচোর নেতৃত্বাধীন 'কার্টেল' আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত ছিল বিশ্ব জুড়ে। বিশেষত বিপুল পরিমাণ 'ফেন্টানিল' সহ বিভিন্ন মাদক আমেরিকায় পাচারের অভিযোগ ছিল তাঁর দলের বিরুদ্ধে। বহুদিন থেকেই মার্কিন প্রশাসন তাঁর সন্ধানে ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই তার অবস্থান নিশ্চিত করা হয়।
বর্তমান পরিস্থিতিতে মেক্সিকোতে প্রবাসী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। তবে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।