


পানাজি, ১ সেপ্টেম্বর: ফের মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ। ১৪ হাজার ফুট উচচতা থেকে যাত্রীবোঝাই বিমানের জরুরি অবতরণ করালেন পাইলট। মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে গোয়ার মানোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির পথে উড়ে যায় ইন্ডিগোর ৬ই ২১০২ বিমান। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে সমস্যার খবর মেলে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট দ্রুত বিমানটিকে ঘুরিয়ে ফের গোয়ার দিকেই নিয়ে আসেন। বিমানটি নিরাপদে অবতরণ করার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সাময়িকভাবে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে গোয়ার বিমানবন্দরে অবতরণ করে। ঘটনায় যাত্রী ও বিমানকর্মীরা সকলেই নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই একটি প্রযুক্তিগত সমস্যা তৈরি হওয়ায় সমস্ত নিরাপত্তা বিধি মেনে বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বিমানটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চলছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।