


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতার স্কুলে স্কুলে মিড ডে মিল বিতরণে অব্যবস্থআর অভিযোগের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দপ্তর। নির্দেশিকায় ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনকে বলা হয়েছে, মর্নিং স্কুলে সাড়ে ৮টার মধ্যে এবং ডে স্কুলে দুপুর দেড়টার মধ্যে খাবার পৌঁছে দিতে হবে। হঠাৎ করে সময় পরিবর্তন করতে পারবে না স্কুলগুলি। এরজন্য কলকাতার নোডাল অফিসারকে লিখিত অনুরোধ করতে হবে স্কুলগুলিকে। ডেলিভারি ট্রাক বা ভ্যানগুলিকে একই রুট ম্যাপে পাঠাতে হবে যাতে তারা স্কুলগুলি চিনে উঠতে পারে। জিপিএসের সাহায্যও নিতে হবে। কোনো স্কুলই ডেলিভারি ভ্যানকে দাঁড় করিয়ে রাখতে পারবে না। যথাসময়ে খাবারের কন্টেনার নিয়ে নিতে হবে।
প্রধান শিক্ষকের কাছ থেকে একটি চালানও সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। কতগুলি স্কুল খাবার পাচ্ছে, তা প্রচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্কুলগুলিকে জানাতে হবে, পড়ুয়া পিছু কতজন রাঁধুনি তথা হেল্পার রয়েছেন। সংখ্যা হতে হবে পিএম পোষণ প্রকল্পের বিধিমাফিক। তাঁদের দ্রুত ট্যাগ করতে বলা হয়েছে। এর জন্য আজ, বুধবারের মধ্যে এই কর্মীদের কলকাতার নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে সমস্ত তথ্য খতিয়ে দেখে তাঁদের ভাতা দেওয়া হবে। বুধবারের মধ্যে যাঁরা যাবেন না, তাঁদের নিয়োগ বাতিল করে নয়া রাঁধুনি ও হেল্পার নিয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নির্দেশিকায়।