


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর দমদমে মাঝরাতে শ্যুটআউট। আর তাতে নিহত কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। এছাড়াও গুলি লেগে গুরুতর আহত আরো দুই। জানা গিয়েছে ওই দু'জনও রাজা ঘনিষ্ঠ। রবিবার রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় দমদম থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটার সার্ভিস রোড এলাকায় প্রাক্তন দমদম পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী এবং তাঁর ছেলে সুমন চক্রবর্তী ওই এলাকায় রাজা দত্ত সহ দীপ চৌধুরী, ছেদরি, সুমন চৌধুরী-সহ কয়েকজনকে একটি বৈঠকের জন্য ডেকেছিলেন। সেই সময় আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সেখানে এসে এলোপাথারি গুলি চালায়। গুলিত লেগে রাজা দত্ত, দীপ চৌধুরী এবং ছেদরি গুরুতর জখম হন। ঘটনা স্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে রাজা। খবর পেয়ে দমদম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আরজি কর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার পর গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। এখনো পর্যন্ত ৫জনকে আটক করা হয়েছে। এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।