


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি ১, কংগ্রেস ১! নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কলকাতা হাইকোর্টে আইনি ফলাফল আপাতত এমনই। একদিকে, ছ’টি মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। অন্যদিকে, বিজেপি প্রার্থীর জন্মের আগেই মাধ্যমিক! হাসিরানি রথের বিরুদ্ধে এমন অভিযোগে কংগ্রেসের দায়ের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিলনকে মোট ছ’টি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়ে জানান, নির্বাচন পর্ব মিটলেই হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। এছাড়াও প্রতিদিন সকাল ৮টা ও রাত ৯টার পর তাঁকে সংশ্লিষ্ট থানায় ফোন করে কথা বলতে হবে। অন্যদিকে, এদিনই হাসিরানি রথের নির্বাচনি হলফনামাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। সূত্রের খবর, এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস।