


বিশেষ সংবাদদাতা, ইটানগর: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রক্তাক্ত অরুণাচল প্রদেশ। চাংলাং জেলায় অসম রাইফেলসের একটি শিবিরে জঙ্গি হামলার ঘটনায় প্রবল আতঙ্ক ছড়াল। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে ৩টা ১৫ মিনিট নাগাদ চাংলাং জেলার লংভি গ্রামে ২১ অসম রাইফেলসের লংভি কোম্পানি অপারেটিং বেস লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এই ঘটনার পরেই অসম-অরুণাচল সীমানায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হামলার ঘটনায় অভিযোগের তির ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (আলফা-আই) এবং এনএসসিএন (কে-ওয়াইএ)-এর দিকে।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, প্রায় ১৫ থেকে ২০ মিনিট দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এরপর জঙ্গিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলে অসম রাইফেলস এবং অরুণাচল প্রদেশ পুলিশ। গোটা এলাকাজুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। এদিকে, সম্প্রতি অসম-অরুণাচল প্রদেশের সীমানা লাগোয়া জেলাগুলিতে অশান্তি দেখা দিয়েছে। সেই সমস্ত এলাকাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।