


সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজো লেখা না থাকলে কমিউনিস্টদের পুজোর স্টল ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। সোমবার আলিপুরদুয়ারে এসে এই হুমকি দিলেন আইন প্রতিমন্ত্রী। আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের ভোট। ওই ভোটে বিজেপির জাতীয়তাবাদী আইনজীবী প্রার্থীদের উৎসাহ দিতেই এদিন আইনমন্ত্রী আলিপুরদুয়ারে আসেন। শহরের একটি হোটেলে বিজেপি সমর্থক আইনজীবীদের নিয়ে বৈঠকও করেন মন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, মঙ্গলবার আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের ভোট। সেই ভোটে দলের জাতীয়তাবাদী আইনজীবীদের উৎসাহ দিতেই এখানে এসেছি। পরে আলিপুরদুয়ার জেলা আদালতের নবনির্মিত পাঁচতলা বিল্ডিং ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্গাপুজোয় কমিউনিস্টদের স্টলে হিন্দুধর্ম, সনাতন ধর্ম ও ভারত বিরোধী কিছু লেখা থাকলে সেই স্টল ভেঙে দেওয়া হবে। কমিউনিস্টদের পুজোর স্টলে দুর্গাপুজো কথাটি লেখা না থাকলেও সেই স্টল ভেঙে দেব। কমিউনিস্টরা পুজোর স্টলে বিবেকানন্দ, নেতাজি বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই রাখুক আমরা কিনতে যাব।
এদিন আলিপুরদুয়ার জেলা আদালতের নবনির্মিত পাঁচতলা বিল্ডিং ঘুরে দেখার পর আইন প্রতিমন্ত্রী বলেন, খুব শীঘ্রই ওই বিল্ডিংয়ের উদ্বোধন করা হবে। তারজন্য এদিন পরিদর্শন করেছি। উত্তরবঙ্গের জুনিয়র আইনজীবীরা ১৫ বছর ধরে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের সুবিধা পাননি। এবার উত্তরবঙ্গের জুনিয়ার আইনজীবীরাও যাতে ওই ফান্ডের অর্থ পান তা দেখা হচ্ছে।
দুর্গাপুজোয় কমিউনিস্টদের স্টল নিয়ে রাজ্যের আইন প্রতিমন্ত্রীর এই হুঁশিয়ারি নিয়ে সিপিএমের জেলা সম্পাদক কিশোর দাস বলেন, আমাদের স্টলে আমরা কি রাখব না রাখব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। আসলে বিজেপি একটি ফ্যাসিস্ট শক্তি। রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করাই ওদের লক্ষ্য। গণতান্ত্রিক দেশে শারদীয়া উৎসবে আমরা স্টল দেব। বিজেপি আমাদের স্টল ভাঙতে এলে সাধারণ মানুষই তার প্রতিরোধ করবে।
এদিকে, আজ আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে। ভোটে বিজেপি প্রভাবিত প্যানেল, সিপিএমের প্যানেল ও অ্যাডভোকেটস ফোরাম প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল ভেঙে গিয়েছে। সেই জন্য তৃণমূল সমর্থিত আইনজীবী প্রার্থীরা ভোটে অ্যাডভোকেটস ফোরামের ব্যানারে লড়ছেন।