


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে শিক্ষামন্ত্রকের প্রশ্নোত্তরে কার্যত সুকান্ত মজুমদারেই আস্থা রাখছে মোদি সরকার। ‘ককরোচ’দের আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সবে ইস্তফা দিয়েছেন। প্রহ্লাদ যোশি সদ্য সেই দায়িত্ব পেয়েছেন। পুরোটাই ঘটেছে সংসদের বাদল অধিবেশন চলাকালীন। এই পরিস্থিতিতে শিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রহ্লাদ যোশি মৌখিক প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতিও সেভাবে নিতে পারছেন না। তাই সবদিক খতিয়ে দেখে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের উপরই ভরসা করছে কেন্দ্র। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে, মূলত উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রশ্নাবলির মৌখিক জবাব দেবেন বালুরঘাটের বিজেপি সাংসদই। কিছু প্রশ্নের মৌখিক জবাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি দেবেন। সরকারি সূত্রের খবর, রাজ্যসভা এবং লোকসভায় শিক্ষামন্ত্রকের লিখিত প্রশ্নগুলোর জবাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীই প্রধানত দেবেন। তবে বিষয় বুঝে লিখিত জবাব দেবেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ও জয়ন্ত চৌধুরীও।