


নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহিষাদলে এক নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গ্রেপ্তার করা হল তাঁর স্বামীকে। ধৃত যুবকের নাম সৌমিত্র জানা। মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামের স্থানীয় বাসিন্দা ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেণিতে পড়ার সময় ওই নাবালিকা সৌমিত্রের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপরে পুলিশ তাঁকে উদ্ধার করে হোমে পাঠায়। কিন্তু হোম থেকে বেরিয়েই ওই যুবকের সঙ্গে নাবালিকা বিয়ে করেন। এরপর মাত্র ১৭ বছর বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী।
জানা গিয়েছে, সন্তান প্রসবের জন্য প্রথমে তমলুক শহরের একাধিক নার্সিংহোমে ভর্তি করানোর চেষ্টা করা হলেও তা কোনোভাবেই সম্ভব হয়নি। অবশেষে তাঁকে মহিষাদলের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৭ বছরের ওই নাবালিকা একটি পুত্রসন্তানের জন্ম দেয়। অপরদিকে প্রসবের পরই ওই কিশোরীর স্বামীর বিরুদ্ধে একটি এফআইআর করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে সৌমিত্রকে গ্রেপ্তার করে পুলিশ।