


মুম্বই, ৭ এপ্রিল: মহারাষ্ট্রে দুই ব্যাক্তিকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি। ঘটনা স্থলে গুলিবিদ্ধ হয়ে আহত একজন। ঘটনাটি ঘটেছে রাবালে থানার আওতাধীন আইরোলির ছত্রপতি শিবাজি রহিবাসী চালের কাছে। রাত তখন প্রায় ১১টা ৫০ মিনিট। এক অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী দুষ্কৃতী দুই ব্যক্তি অমিত মৌর্য এবং সন্দীপ গাভাসকে উদ্দেশ্য করে গুলি চালায়। তার মধ্যে গুলি লেগে গুরুতর আহত হন অমিত।
সিনিয়র ইন্সপেক্টর বালকৃষ্ণ সাওয়ান্ত বলেন, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে এসে অমিত মৌর্য এবং সন্দীপ গাভাস নামের দুই ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়’। তিনি আরও জানান, ‘গাভাস অক্ষত অবস্থায় রক্ষা পেলেও মৌর্যের ঘাড়ে গুলি লাগে এবং তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে পরে চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে স্থানান্তর করা হয়’। ইতিমধ্যেই হত্যা করার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুস্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। কোনো পুরনো শত্রুতার জেরে এই হামলা কি না তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।