


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। আজ, শুক্রবার তাঁকে দেখতে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা যাদবপুরের বিধায়ক শর্বরী মুখপাধ্যায়। কিন্তু কি হয়েছে মিঠুনের? কেনই বা ভর্তি রয়েছেন হাসপাতালে? তাঁর অসুস্থতার এই খবরে অনুরাগীমহল এবং দলীয় কর্মীদের মধ্যেও যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। জানা গিয়েছে, প্রায় ২ বছর আগে আচমকাই পড়ে গিয়েছিলেন মহাগুরু। তখনই ডান হাতের কনুইতে গুরুতর চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার করে ডান হাতে প্লেটও বসানো হয়েছিল। তারপর থেকেই নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়। হাতে শুরু হয় ব্যথাও। সিনিয়র অর্থপেডিক সার্জেন ডঃ সোমনাথ দে তাঁর চিকিৎসা শুরু করেন। কয়েক মাস তাঁকে ওষুধ দেন। কিন্তু শেষমেশ অস্ত্রোপচার করে প্লেটটি খুলে ফেলারই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অপারেশনই আজ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
গতকালই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। তবে আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ শনিবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। আজ মিঠুনের সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই মুখ্যমন্ত্রী জানান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবরও নিয়েছেন। তিনি সুস্থ রয়েছেন। উনি রাজ্য তথা দেশের সম্পদ। তাঁর অস্ত্রোপচার হয়েছে। কিন্তু মিঠুন চাননি বিষয়টি সকলে জানুন। তবে আমি বিষয়টি জানতাম বলেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার অনুরোধ আগামী ২ দিন কেউ তাঁকে বিরক্ত করবেন না। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।