


সংবাদদাতা, কালনা: কালনা শহরে বেআইনি নির্মাণের অভিযোগ। আজ, রবিবার নিজের হাতে নবনির্মিত বহুতল ভবনে গিয়ে তালা বোঝালেন কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরসভার পক্ষ থেকেও বেআইনি নির্মাণের জন্য নোটিশ দেওয়া হয়। যদিও ভবনের মালিক পক্ষের দাবি, পুরসভার প্ল্যান নিয়েই কাজ করা হয়েছে। তবে কিছু ত্রুটি রয়েছে। ভবনটি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ভবন নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছে বলেও তারা দাবি করেন।
প্রসঙ্গত, কালনা শহরের মিউনিসিপ্যালিটি রোডের ডাঙাপাড়া এলাকায় তৃণমূল আমলে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। নতুন সরকার আসার পর কালনা পুরসভা ভবনের মালিক পক্ষকে ভবন নির্মাণের বিষয়ে চিঠি পাঠানো হয়। তাতে মালিক পক্ষ জবাব দিলে পুরসভা তদন্ত করে। দেখা যায় কিছু বিষয়ে সঠিকভাবে মানা হয়নি। এরপরই রবিবার কালনার বিধায়ক নিজের হাতে বেআইনিভাবে নির্মিত ভবনে তালা ঝোলান। বেআইনি নির্মাণ ও শহরের বেআইনি কাজ কর্মে বিধায়কের পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেন। কালনা পুরসভার চেয়ারম্যান রীনা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবনটি পুরসভার সঠিক নিয়ম মেনে তৈরি হয়নি। এই বিষয়টি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে।