


নয়াদিল্লি: আজ মোদি সরকারের বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি। তার আগে প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বিজেপির আমলে দেশের সার্বিক অর্থনীতির বেহাল দশার বিষয়টি তুলে ধরেছেন তিনি।
ডেরেকের দাবি, মোদির শাসনকাল শুধুই প্রতিশ্রুতি রূপায়ণে ব্যর্থতা ও হতাশায় ভরা। নিজের দাবির সমর্থনে ২০২৪ সালের ভোটে বিজেপি ইস্তাহারের ১৫টি প্রতিশ্রুতি ও এক বছর পর সেগুলির রূপায়নে খামতি নিয়ে তথ্য তুলে ধরেন তিনি। এক লিখিত বিবৃতিতে ডেরেক জানান, মধ্যবিত্ত শ্রেণির সমস্যার সুরাহার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে গৃহস্থালির ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, আর্থিক সঞ্চয় গত ৫০ বছরের সর্বনিম্ন স্তরে নেমেছে। মুখ থুবড়ে পড়েছে উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও। কাজকর্মের অভাবে ২০২১ সালের পর থেকে অনেক বেশি মানুষ কৃষিকাজে নিযুক্ত হতে বাধ্য হয়েছেন। বর্তমানে ৪৬ শতাংশ কর্মীই কৃষিতে যুক্ত। মণিপুরের পরিস্থিতি নিয়েও বিজেপিকে নিশানা করেছেন ডেরেক।