


নয়াদিল্লি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটানা সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটানা সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার জন্য আমার বন্ধু জর্জিয়া মেলোনিকে শ্রদ্ধা। এই মাইলস্টোন মেলোনির উপর ইতালির মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে উনি বিশেষ ভূমিকা নিয়েছেন। আশা করি দু’দেশের মানুষের উন্নয়ন অব্যাহত রাখতে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় থাকবে।’
২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন জর্জিয়া মেলোনি। টানা ১ হাজার ৪১৩ দিন এই পদে থেকে তিনি নয়া রেকর্ড গড়েছেন। চলতি বছরের ১০ জুন ভারতের একটানা সবচেয়ে বেশি দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছিলেন মোদি। তখন ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মেলোনিও। দু’দেশের রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠতা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা বহুদিনের। এমনকি সোশ্যাল মিডিয়ায় দু’জনকে একত্রে ‘মেলোডি’ বলেও উল্লেখ করা হয়। চলতি বছরের মে মাসেই ওই একই নামের টফি মেলোনিকে উপহারও দেন মোদি।