


সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বিশ্ব ক্ষুধা তালিকায় ১২৭ দেশের মধ্যে ভারতের স্থান ১০৫। কেন্দ্রীয় সরকারেরই সগর্ব প্রচার, দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ গরিব নাগরিককে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে থাকে তারা। অথচ, জনগণের করের টাকায় শুধু গত ৩৬ মাসেই ৩৮ বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! আর এই দফায় ২৮টি দেশের সফরে তাঁর খরচ ২৫৮ কোটি টাকারও বেশি। নজর করার মতো বিষয় হল, স্রেফ ‘বিবিধ’ খাতেই তাঁর খরচের অঙ্ক ৭৫ কোটি টাকা। বিরোধী চাপে শেষমেশ মোদির সাম্প্রতিককালের বিদেশ ভ্রমণের এই খরচনামা সামনে আনতে বাধ্য হল কেন্দ্র। তাতেই তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।
ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ সরকারের বিরুদ্ধে সিংহভাগ ক্ষেত্রেই তথ্য গোপন করার অভিযোগ তোলে বিরোধীরা। কটাক্ষ করে বলে, এনডিএ কথার অর্থ, নো ডেটা অ্যাভেলেবল। অর্থাৎ সরকার কোনও তথ্যই দিতে চায় না। তবে এবার বিরোধীদের চাপে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত খরচপাতির নথি সামনে আনতেই হল। গত তিন বছরে ২৮টি দেশ ঘুরে মোদি খরচ করেছেন ২৫৮ কোটি টাকা ৯৭ লক্ষ ৮ হাজার ৪ টাকা। খরচ হয়েছে প্রধানমন্ত্রীর তারকাখচিত হোটেলে থাকা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা খাতের পাশাপাশি কোনও কোনও জায়গায় অনুষ্ঠান করার জন্য হলভাড়াতেও। সেই টাকা জুগিয়েছে কেন্দ্রীয় সরকারি কোষাগার। অর্থাৎ, আম জনতার কর। উল্লেখযোগ্য বিষয় হল, নির্দিষ্ট কোনও খাতের বাইরে স্রেফ বিবিধ (মিসলেনিয়াস) বিষয়েই মোট খরচ হয়েছে ৭৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার ৭২৬ টাকা।
২০২২-২৪, গত তিন বছরে ৩৮ বার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রীর শুধুমাত্র থাকার খরচ কত? ১০০ কোটি ২২ লক্ষ ২২ হাজার ৭২৬ টাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারি কাজে নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণ রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে থেকেছে। ইদানীং কম বিদেশ সফর করলেও আগে তো তিনি দেশের চেয়ে বাইরেই বেশি সময় কাটান বলে বিরোধীরা সংসদে সরব হতো। তবুও গত তিন বছরে কবে, কোথায় গিয়েছেন মোদি, জানতে চেয়েছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা জানিয়েছেন উল্লিখিত তথ্য। তবে নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণ নিয়ে যাতে কংগ্রেস সমালোচনার সুযোগ না পায়, তাই কৌশলে নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের সময়কালের কয়েকটি বিদেশ সফরে কত খরচ হয়েছিল, তারও উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, ২০১১ সালে আমেরিকা যেতে প্রধানমন্ত্রীর (মনমোহন সিং) খরচ হয়েছিল ১০ কোটি ৭৪ লক্ষ টাকা। ২০১৩ সালে রাশিয়া সফরে খরচ হয়েছিল ৯ কোটি ৯৫ লক্ষ টাকা।
কিন্তু গত তিন বছরে নরেন্দ্র মোদির দু’বার আমেরিকা যেতে খরচ হয়েছে ৩৮ কোটি ২৩ লক্ষ ৪৪ হাজার ৮৫৭ টাকা। ২০২৩ সালের জুন এবং চব্বিশের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। একইভাবে জার্মানি, ফ্রান্স এবং রাশিয়াও গিয়েছেন দু’বার করে। ইউক্রেন একবার। এছাড়া ইতালি, পোল্যান্ড, নেপাল, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া, মিশর, গ্রিস, ব্রাজিলের মতো ২৮টি দেশ ভ্রমণ করেছেন মোদি। বিরোধীরা প্রশ্ন তুলছে, যেখানে ভারতে এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের জ্বালায় আম আদমিকে চোখের জল ফেলতে হয়, সেখানে ২৫৮ কোটি টাকায় কী কী হতে পারত?