


প্যারিস, ১৬ জুন: আজ ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সফরের শেষ পর্যায়ে আজ মঙ্গলবার ফ্রান্সের ইভিয়ানে পৌঁছচ্ছেন তিনি। সেখানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা, বিনিয়োগ সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, এইচ-১বি ভিসা নীতি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতাও আলোচ্যসূচিতে থাকতে পারে বলে সূত্রের খবর।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের পর এই বছর প্রথম মোদি ও ট্রাম্পের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সের এভিয়াঁ-লে-ব্যাঁ শহরে অনুষ্ঠিত হচ্ছে এবছরের জি-৭ শীর্ষ সম্মেলন। ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে এতে অংশ নিচ্ছেন নরেন্দ্র মোদি। । এবছর নিয়ে ১৩ বার জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছে ভারত। উল্লেখযোগ্যভাবে, এটি হবে জি-৭ সম্মেলনে তাঁর টানা সপ্তম অংশগ্রহণ।
বৈঠকে জি-৭ ভুক্ত দেশগুলির পাশাপাশি বিশ্বব্যাঙ্ক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সম্মেলনের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সূচি রয়েছে। পরে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণেই এবারের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছে ভারত।
হোয়াইট হাউসও নিশ্চিত করেছে যে, ১৭ জুন জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার দাবি, প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে চলা আলোচনার অগ্রগতি পর্যালোচনা করবেন দুই নেতা। চুক্তিটি বাস্তবায়িত হলে তা দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি হিসেবে বিবেচিত হবে।