


মাদুরাই: ভোটমুখী তামিলনাড়ুতে বড় উপহার মোদির। রবিবার রাজ্যের পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নে ৪ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরাইয়ে তিনি বলেন, ‘উন্নত তামিলনাড়ু গড়ে তোলাই কেন্দ্রের লক্ষ্য। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে নির্ণায়ক ভূমিকা নেবে দক্ষিণের এই রাজ্য।’ রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির কথা স্মরণ করে মোদি বলেন, আদিচানাল্লুরের মতো ঐতিহাসিক স্থানগুলিকে বিশ্বমানের পর্যটন হিসাবে গড়ে তোলা হবে। এছাড়া পুলিকট হ্রদ ও পোথিগাই মালাই সংলগ্ন এলাকায় ইকো ট্যুরিজম হবে। সেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাঁর কথায়, আজকের অনুষ্ঠান তামিলনাড়ুর উন্নয়নযাত্রার একটি গর্বিত অধ্যায়। এই প্রকল্পগুলি রাজ্যের অর্থনীতিকে চাঙা করবে। তেমনি বহু যুবক-যুবতীর কর্মসংস্থান এবং লক্ষ লক্ষ মানুষ আর্থিক দিক থেকে লাভবান হবেন। রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের পর রাজ্যে ৪ হাজার কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ হয়েছে। ২০০৯-২০১৪ সালে রাজ্যে রেল বাজেটে বরাদ্দ ছিল ৮৮০ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ৭ হাজার ৬০০ কোটি টাকা। বেঙ্গালুরু-চেন্নাই এবং চেন্নাই-হায়দরাবাদ বুলেট ট্রেন করিডর নির্মাণেরও প্রস্তাব দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী এল মরুগান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।