


নয়াদিল্লি: ফের সমালোচনায় বিদ্ধ ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। তাঁর অপরাধ? গত মঙ্গলবার ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ চলাকালীন পানীয়ে চুমুক দিতে দেখা যায় ভারতের এই পেস বোলারকে। রমজান মাসে রোজা চলাকালীন তিনি কেন ‘জুস’ পান করেছেন, তা নিয়ে প্রশ্ন তুললেন এক মৌলবী। উপবাস না করার জন্য শামিকে ‘অপরাধী’ বলেও মন্তব্য করেন মৌলানা শাহাবুদ্দিন রিজভি বরেলিভি। এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি বলেন, ‘ইসলামে উপবাস করা একটি কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করেন, তাহলে তিনি পাপী। ক্রিকেটার মহম্মদ শামিও উপবাস করেননি। তিনি অপরাধ করেছেন। শামি একজন অপরাধী।’ তিনি আরও বলেন, ‘শামি ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার। কিন্তু ম্যাচ চলাকালীন তাঁকে জল বা কোনও পানীয়ে চুমুক দিতে দেখা যায়। সবাই তা দেখেছেন। তিনি ক্রিকেট খেলছেন। অর্থাৎ শামি সুস্থ আছেন। এই পরিস্থিতিতে তিনি রোজা পালন করেননি। এটা অপরাধ।’
শাহাবুদ্দিনের এই ভিডিও বার্তার পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ভারতীয় পেসারের পাশে দাঁড়ান মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই এগজিকিউটিভ সদস্য জানান, ক্রিকেটার হিসেবে শামি এখন বিদেশে রয়েছেন। যাঁরা এই সময়ে ভ্রমণ করছেন, তাঁদের জন্য নিয়মে ছাড় রয়েছে। শামির পাশে দাঁড়িয়েছে পরিবারের সদস্যরাও। মুখ খুলেছেন শামির কোচ মহম্মদ বদরুদ্দিনও।