


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুরের সূর্য পিন ফোটাচ্ছে গায়ে। রাস্তায় লোক চলাচল কম। ধাবা, হোটেলে লাঞ্চের মেনুতে গোটা পিঁয়াজ মাস্ট। এপ্রিলের শুরুতেই ইস্পাতনগরী জুড়ে তীব্র দাবদাহ। বিকেলেও তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে। এমন পরিস্থিতিতেই শনিবার জামশেদপুরের বিরুদ্ধে নামছে মোহন বাগান। প্রতিপক্ষকে নিয়ে ভাবার আগে তাপমাত্রা দেখেই সের্গিও লোবেরার আক্কেল গুড়ুম। ম্যাচের আগের দিন টাটা অ্যাকাডমির মাঠে প্রস্তুতি সারল মোহন বাগান। মেরেকেটে আধঘণ্টার ওয়ার্ম-আপ করেই হোটেলে ছুটল গোটা দল। মাঠ কিছুটা শক্ত। তবে আবহাওয়াই ভিলেন নম্বর ওয়ান। প্রচণ্ড আর্দ্রতায় শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে যায়। একই গতিতে আক্রমণ শানানো মুশকিল। খেলার আগে এনার্জি নষ্ট করতে চান না মোহন বাগানের স্প্যানিশ কোচ। তবে সন্দেহ নেই, শনিবার চলতি টুর্নামেন্টে অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামছেন লিস্টন, রবসনরা। বেঙ্গালুরুতে ড্র করার পর কলকাতায় মুম্বই সিটির কাছে বশ মেনেছে মেরুন-সবুজ ব্রিগেড। চাপে থাকা কোচ লোবেরার মন্তব্য, ‘মোহন বাগান দেশের সেরা ক্লাব। এখানে রানার্স হওয়া কেউ মনে রাখে না। নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে।’
গত আইএসএলে জামশেদপুরে জিততে পারেনি মোহন বাগান। প্রথম পর্বে ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। নক-আউটের প্রথম লেগেও খালিদের দল ২-১ ব্যবধানে ম্যাচ জেতে। যদিও ফিরতি লেগে যুবভারতীর চেনা দুর্গে পাশার দান পালটে দেন আপুইয়ারা। কিন্তু এবার পরিস্থিতি অন্য। ১৩ ম্যাচের লিগে প্রায় প্রতিটি ম্যাচই ফাইনাল। এই মুহূর্তে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লোবেরা ব্রিগেডে। আওয়েন কোয়েলের দলও একই বিন্দুতে দাঁড়িয়ে। তবে গোল পার্থক্যে পিছিয়ে এজে, সানানরা। ঘরের মাঠে এই ফারাকটুকু ঘোচাতে মরিয়া জামশেদপুর কোচ। আওয়েন কোয়েল বললেন, ‘মোহন বাগানকে চ্যালেঞ্জ ছুড়তে আমরা তৈরি।’ তবে জামশেদপুরও স্বস্তিতে নেই। মাধি তালালের চোটে তাল কেটেছে। নর্থ ইস্টের কাছে হারের পর স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছে তারা। টাফ ফুটবলে দিমিত্রিদের ছন্দ নষ্ট করাই তাঁর লক্ষ্য।
সের্গিও লোবেরা পাসিং ফুটবলে বিশ্বাসী। কিন্তু মোহন বাগান স্কোয়াডে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লে-মেকারের বড়ই অভাব। রবসন, দিমিত্রিরা চাপ রাখছেন। কিন্তু কার্যকারিতার ধারাবাহিকতা কোথায়? জেমি ম্যাকলারেন প্রকৃত ম্যাচ উইনার। কিন্তু বল ফিড করার লোক নেই। সেদিকে নিশ্চয়ই নজর দেবেন লোবেরা। তাঁর প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা থাকেই। তবে অনেকেরই মতে এবার মনবীরকে ফার্স্ট ইলেভেনে রাখা উচিত। কোচিতে হংকংয়ের বিরুদ্ধে তাঁর পাস থেকে জাল কাঁপান রায়ান উইলিয়ামস। নজর থাকবে ফ্রি-কিক ও কর্নারের দিকেও। ভাসানো বলে আলবার্তো ও এজে দুই শিবিরের সম্পদ। হাই-ভোল্টেজ ম্যাচে তাঁদের দিকেও নজর থাকবে।
জামশেদপুরে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়।
সম্প্রচার ফ্যান কোড ও সোনি স্পোর্টসে।