


মোহন বাগান -৬ : শ্রীনিধি ডেকান-০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগানের সিনিয়র দলের হয়ে প্রথম একাদশে নেমেই নায়ক ছাংতে। বুধবার ঘরের মাঠে তাঁর হ্যাটট্রিকের দাপটে আইএফএ শিল্ডে দুরন্ত শুরু সবুজ-মেরুন ব্রিগেডের। আই লিগের দল শ্রীনিধি ডেকানকে ৬ গোলের মালা পরাল পানোসের দল। ছাংতে ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মাণ্ডি এবং এরউইন। তবে এই জয়ের নেপথ্য কারিগর অবশ্যই সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করেও তাঁরা গ্যালারি ভরিয়েছেন। আসলে লিগ জয়ের পর পালতোলা নৌকার গতি যথেষ্ট বেড়েছে। আগামী মঙ্গলবার ঘরের মাঠেই শিল্ডের পরের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মোহনবাগান।
শ্রীনিধির বিরুদ্ধে ৩-৫-১-১ ছকে দল সাজিয়েছিলেন কোচ পানোস। শুভাশিস, আলবার্তো ও রাহুলকে রক্ষণে রেখে উইং হাফে ব্যবহার করেন লিস্টন ও ছাংতেকে। নতুন ভূমিকায় প্রথম ম্যাচেই নজর কাড়লেন উত্তর-পূর্ব ভারতের এই উইঙ্গার। উল্লেখ্য, লিস্টন ও ছাংতে মাঝেমধ্যেই নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে বিপক্ষকে ধাঁধায় ফেলেন। বৃষ্টিভেজা মাঠে পাসিং ফুটবল খেলা কঠিন ছিল। তা সত্ত্বেও মোহন বাগানের আক্রমণের ধার কমেনি। ড্র্যাজিচ, মিগুয়েল ও ম্যাকলারেনের দাপটে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীনিধ ডেকানের রক্ষণ। কাঙ্ক্ষিত গোল আসে মাত্র আট মিনিটেই। বক্সের মধ্যে ড্র্যাজিচের বাড়িয়ে দেওয়া বল ঠান্ডা মাথায় জালে পাঠান অভিষেক (১-০)। এরপর শুরু ছাংতে-ঝড়। বাঁ প্রান্ত দিয়ে উঠে লিস্টনের ব্যাকহিল পৌঁছায় মিগুয়েলের কাছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বাড়ানো বল ফাঁকায় পেয়ে জালে জড়ান ছাংতে (২-০)। প্রণয়-প্রীতমদের রক্ষণ তখন কার্যত দিশাহারা। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়ে ছিল মোহন বাগান।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সবুজ-মেরুন। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আই লিগের দলের অভিজ্ঞ রক্ষণ। ৫২ মিনিটে ম্যাকলারেনের সেন্টার থেকে নিজের দ্বিতীয় গোল করেন ছাংতে( ৩-০)। মিনিট পাঁচেক পর মিগুয়েলের সেন্টার থেকে লক্ষ্যভেদে হ্যাটট্রিক পূর্ণ করেন মিজো উইং-ব্যাক (৪-০)। ম্যাচ শেষে ছাংতে বললেন, ‘ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে।’ গোলে এগিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন পানোস। মাঠে নামেন এরউইন, সন্দীপ ও সাজিদ। সুযোগ কাজে লাগান তরুণ বঙ্গীয় মিডফিল্ডার সন্দীপ। কিয়ানের পাস থেকে জাল কাঁপান সন্দীপ (৫-০)। এরপর ডেকানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন এরউইন (৬-০)। এবার গোলের কারিগর ছাংতে। অ্যাসিস্ট করে ম্যাচে নিজের অবদান আরও বাড়িয়ে নেন তিনি। সবুজ-মেরুন জার্সিতে এরউইনের গোলটি অবশ্য আলাদা তাৎপর্যের। ডারেল ডাফির পর দ্বিতীয় স্কটিশ ফুটবলার হিসাবে মোহনবাগানের হয়ে জালে বল জড়ালেন তিনি।
মোহন বাগান: বিশাল, রাহুল (সাজি), আলবার্তো, শুভাশিস, অভিষেক (সন্দীপ), দীপক, ছাংতে, ড্র্যাজিচ (সুহেল), লিস্টন, মিগুয়েল (কিয়ান), ম্যাকলরেন (এরউইন)।