


নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০০৯ সালে ট্রেন দুর্ঘটনায় দুটো পা’ই খোয়াতে হয়। কিন্তু প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেননি। সোমবার বারাসত স্টেডিয়ামে হুইল চেয়ারে করেই হাজির মোহন বাগান সমর্থক আবু হাসান। বিরতিতে মোহন বাগান ১-০ লিডের পর রেলের প্রাক্তন ইঞ্জিনিয়ার বলছিলেন, ‘আজ ডুরান্ড ডার্বি হারের প্রতিশোধ নিতেই হবে। সেই আশাতেই এসেছি। আমি বারাসতেই থাকি। কলকাতায় ডার্বিতে যাওয়া খুব একটা সম্ভব হয়না। বারাসতে ম্যাচ হচ্ছে শুনেই টিকিট কেটে নিই। দীর্ঘদিন পর বড়ো ম্যাচ দেখতে পেলাম।’
ছোটো থেকেই মোহনবাগানের অন্ধ সমর্থক আবু হাসান। তবে এদিন প্রিয় দলের জয় দেখা তাঁর হল না। কিছুটা হতাশ হয়েই বাড়ি ফিরতে হল তাঁকে। সমর্থকদের আবেগের মূল্য আর কবে বুঝবেন সাহালরা? অবশ্য কোচের পদে বাস্তব রায় থাকলে ভবিষ্যতেও এভাবেই ডুবতে হবে মোহন বাগানকে।